বান্দরবান

দুর্গাপূজার ছুটিতে পাহাড়ে পর্যটকের ঢল, তিন জেলায় ৮০ শতাংশ হোটেল বুকিং

পাহাড়ে পর্যটকের ঢল

চট্রগ্রাম, ১১ অক্টোবর-শারদীয় দুর্গোৎসবের দীর্ঘ ছুটি সামনে রেখে পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত পার্বত্য চট্টগ্রাম। আগামী ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পাহাড়ের পর্যটনকেন্দ্রগুলোতে অগ্রিম বুকিংয়ের ব্যাপক চাপ দেখা যাচ্ছে। এরই মধ্যে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের হোটেল-মোটেলগুলোর প্রায় ৮০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে।

পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বিনোদনকেন্দ্রগুলোও নতুন করে সাজানো হয়েছে। রাঙামাটি পর্যটন করপোরেশনের বিখ্যাত ঝুলন্ত সেতু সংস্কার করে রং করা হয়েছে। মেরামতের কাজ শেষে কাপ্তাই হ্রদে পর্যটকদের ভ্রমণের জন্য প্রায় ১০০টি ট্যুরিস্ট বোট প্রস্তুত রাখা হয়েছে। পলওয়েল পার্ক, ডিসি বাংলো পার্কসহ অন্যান্য পর্যটনকেন্দ্রেও সাজসাজ রব বিরাজ করছে।

রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, পর্যটকদের সুন্দর পরিবেশে ঘোরাঘুরির জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে এবার পর্যটকদের জন্য বিশেষ কোনো মূল্যছাড় থাকছে না।

খাগড়াছড়ি ও বান্দরবানেও একই চিত্র দেখা যাচ্ছে। রাঙামাটির সাজেকগামী পর্যটকদের বাড়তি চাপের কারণে খাগড়াছড়ির হোটেলগুলোর শতভাগ কক্ষ বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। বান্দরবান হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি মো. জসিম উদ্দীন জানান, পাহাড়ে টানা ছুটিতে পর্যটকদের বাড়তি চাপ সামাল দিতে তাঁরা পুরোপুরি প্রস্তুত রয়েছেন।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে রাঙামাটি জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুল রকিব বলেন, দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের নিরাপত্তা দিতে জেলার প্রতিটি পর্যটনকেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ মোতায়েন রাখা হবে।

এস এম/ ১১ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language