তাবলিগের কাজে ২৯৮ বিদেশিকে ১২০ দিনের ভিসায় বাংলাদেশে আসার অনুমতি

ঢাকা,২৯ নভেম্বর-তাবলিগের ধর্মীয় কার্যক্রমে অংশ নেওয়ার উদ্দেশ্যে ২৯৮ জন বিদেশি নাগরিককে শর্তসাপেক্ষে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে সরকার। তাদের ১২০ দিনের ভিসা দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
গত ২৫ নভেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় শাখা থেকে এ বিষয়ে সম্মতিপত্র পররাষ্ট্র সচিবের কাছে পাঠানো হয়েছে।
অনুমতি পাওয়া বিদেশি নাগরিকরা পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, ফ্রান্স, তিউনিসিয়া, মরক্কো, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, আমেরিকা, ইন্দোনেশিয়া, মিয়ানমার, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক।
সম্মতিপত্রে বলা হয়েছে, মাদরাসা উলূমি দীনিয়া মালওয়ালী মসজিদ তথা ঢাকার তাবলিগ সেন্ট্রাল মার্কাজের আবেদনের ভিত্তিতে এ অনুমতি দেওয়া হয়েছে। ২০২৬ সালের ভিসানীতির ৩৪ নম্বর ক্রমিকে উল্লেখ করা ‘আরটি’ ক্যাটাগরিতে তাদের ভিসা দেওয়া হবে।
তবে বাংলাদেশে অবস্থান করার সময় এসব বিদেশি নাগরিককে কয়েকটি শর্ত মেনে চলতে হবে।
শর্ত অনুযায়ী, বাংলাদেশে অবস্থানকালে তারা প্রচলিত ধর্ম, কৃষ্টি ও সংস্কৃতির বিরোধী কোনো কাজে জড়াতে পারবেন না। তাবলিগ সেন্ট্রাল মার্কাজ ছাড়া অন্য কোনো সংস্থার কার্যক্রমেও যুক্ত হতে পারবেন না। পাশাপাশি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া তাদের কর্মস্থল পরিবর্তন করা যাবে না।
এ ছাড়া বাংলাদেশে অবস্থানের সময় তারা শুধু ধর্মীয় বা মিশনারি কাজে নিয়োজিত থাকতে পারবেন। ধর্মীয় কাজের বাইরে অন্য কোনো কাজে অংশ নেওয়া যাবে না। তাদের অবস্থানের বিষয়ে স্থানীয় পুলিশকে নিয়মিত জানাতে হবে।
সম্মতিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে অবস্থানকালে এসব বিদেশি নাগরিক কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য বা বিবৃতি দিতে পারবেন না। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করা থেকেও তাদের বিরত থাকতে হবে।
একই সঙ্গে অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ায়, এমন কোনো বক্তব্যও দেওয়া যাবে না। একবার বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে এই সম্মতি ১২০ দিনের জন্য কার্যকর থাকবে।
এস এম/ ২৯ নভেম্বর ২০২৬







