মিরসরাইয়ে মর্মান্তিক দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন হেফাজতে ইসলামের আমির বাবুনগরী

চট্টগ্রাম, ১৬ সেপ্টেম্বর – চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী গাড়ি। তবে বড় ধরনের এই দুর্ঘটনা থেকে তিনি এবং তাঁর সফরসঙ্গীরা অলৌকিকভাবে অক্ষত ও নিরাপদ রয়েছেন।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল্লামা বাবুনগরী নোয়াখালীর উদ্দেশে মাইক্রোবাসে করে যাচ্ছিলেন। বারইয়ারহাট এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে দ্রুতগামী একটি ঢাকাগামী বাস তাদের মাইক্রোবাসটিকে সজোড়ে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় মাইক্রোবাসটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সৌভাগ্যবশত গাড়িতে থাকা হেফাজত আমিরসহ সফরসঙ্গীদের কেউই কোনো আঘাত পাননি বা আহত হননি।
দুর্ঘটনার খবর পেয়ে ফেনী জেলা হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থল ও ফেনীর মহিপাল এলাকায় পৌঁছান।
ফেনী জেলা হেফাজতে ইসলামের সহ-প্রচার সম্পাদক মাওলানা আজিজুল্লাহ আহমদী জানান, দুর্ঘটনার পর ফেনীর মহিপালে স্থানীয় প্রশাসন, বাস মালিক সমিতি ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি সমঝোতা করা হয়।
পরবর্তীতে আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরীকে অন্য একটি বিকল্প গাড়িতে তুলে দিয়ে নিরাপদে নোয়াখালীর উদ্দেশে পাঠোনো হয়েছে।
এনএন/ ১৬ সেপ্টেম্বর ২০২৬







