বোমা হামলার হুমকিতে জয়পুরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার, পরে হুমকি ভুয়া প্রমাণিত

দিল্লি,১৪ অক্টোবর- বোমা হামলার হুমকি পাওয়ার পর জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ জয়পুরে জরুরি অবতরণ করেছে। পরে জানা যায়, হুমকিটি ভুয়া ছিল। উড়োজাহাজটির সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার এআই ২০৩০ ফ্লাইটটি। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি নির্ধারিত গন্তব্য দিল্লি থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে অবতরণ করে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বোমা হামলার হুমকি পাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করে। ছিনতাইয়ের মতো গুরুতর ঘটনার ক্ষেত্রে সাধারণত যেসব নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়, সেগুলোই কার্যকর করা হয়। উড়োজাহাজটি অবতরণের পর নিরাপত্তাকর্মীরা সতর্কতার সঙ্গে যাত্রীদের নামার জন্য সিঁড়ি স্থাপন করেন।
কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করার পর যাত্রী ও ক্রুদের নামার অনুমতি দেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
এস এম/ ১৪ অক্টোবর ২০২৬







