ভারতে অনধিকার প্রবেশের অভিযোগে সিজেপির দুই শীর্ষ নেতা তিহার কারাগারে

দিল্লি,১৪ অক্টোবর- ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে যন্তর মন্তরে অনধিকার প্রবেশের অভিযোগে তিহার কারাগারে পাঠানো হয়েছে। তবে দলটির নেতৃত্বে থাকা অজিঙ্কা শিনডেকে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের পাঁচ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দেন এক বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এর আগে বুধবার দিল্লি পুলিশ জানিয়েছিল, ওই তিনজনকে প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে যন্তর মন্তরে প্রবেশের পর সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অজিঙ্কা শিনডেকে আটক করা হয়। এর আগের দিনই যন্তর মন্তরকে বিক্ষোভ প্রদর্শনের স্থান হিসেবে নির্ধারণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছিল।
সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার বিরুদ্ধে মুচলেকার শর্ত ভঙ্গ এবং আইন লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে।
সিজেপির আইনজীবী অভিশ্ত হেলা জানিয়েছেন, দিল্লি পুলিশ বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে যুক্তি দিয়েছে, সৌরভ ও আশুতোষ মানুষকে যন্তর মন্তরে আসার আহ্বান জানিয়েছিলেন এবং এর মাধ্যমে তাঁরা অপরাধমূলকভাবে সেখানে অনধিকার প্রবেশ করেছেন। এ ছাড়া আগে দেওয়া একটি মুচলেকায় শান্তিভঙ্গ না করার যে প্রতিশ্রুতি তাঁরা দিয়েছিলেন, সেটিও তাঁরা রক্ষা করেননি।
এস এম/ ১৪ অক্টোবর ২০২৬







