বলিউড

বিমানে শাহরুখের সাথে প্রথম সাক্ষাৎ, দীর্ঘ অপেক্ষার সেই গল্প শোনালেন হিনা খান

মুম্বাই, ৩০ আগস্ট – বলিউড সুপারস্টার শাহরুখ খানের সাথে প্রথম দেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। সম্প্রতি পিওভি পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, প্রথমবার প্রিয় তারকাকে দেখে তিনি কতটা রোমাঞ্চিত ও ঘাবড়ে গিয়েছিলেন।

হিনা জানান, একটি বিমানে ভ্রমণের সময় তিনি আবিষ্কার করেন তার পাশের আসনেই ঘুমাচ্ছেন শাহরুখ খান। নিজের চোখকে প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না হিনা। কয়েকবার ভালো করে লক্ষ্য করে নিশ্চিত হন যে পাশে থাকা ব্যক্তিটিই বলিউডের বাদশা। প্রিয় তারকার সাথে একটি ছবি তোলার তীব্র ইচ্ছা থাকলেও শাহরুখ গভীর ঘুমে থাকায় হিনা অপেক্ষা করতে থাকেন।

এক পর্যায়ে শাহরুখ খান ঘুম থেকে উঠে কফি পান করেন। তখন হিনা তার কাছে একটি ছবি তোলার অনুরোধ করেন। জবাবে শাহরুখ তাকে কিছুটা সময় অপেক্ষা করতে বলেন এবং ছবি তোলার প্রতিশ্রুতি দেন। তবে কফি শেষ করে অভিনেতা আবারও ঘুমিয়ে পড়লে হিনা বেশ হতাশ হয়ে পড়েন।

বিমানটি অবতরণের সময় হয়ে আসলেও শাহরুখ জাগছিলেন না। হিনা মনে করেছিলেন হয়তো তার সেই কাঙ্ক্ষিত ছবিটি আর তোলা হবে না। তবে শেষ মুহূর্তে হিনা খানকে অবাক করে দিয়ে শাহরুখ নিজেই তাকে ডাকেন এবং তার সাথে ছবি তোলেন।

শাহরুখ যে তার কথা মনে রেখেছিলেন এবং ঘুম থেকে উঠে নিজেই উদ্যোগ নিয়েছিলেন, এই বিষয়টি হিনার মনে গভীর দাগ কেটে আছে। রকি জায়সবাল, রুবিনা দিলায়েক ও অভিনভ শুক্ল পরিচালিত ওই পডকাস্টে হিনা তার ক্যারিয়ারের শুরুর দিকের এই মধুর স্মৃতি তুলে ধরেন।

এস এম/ ৩০ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language