বলিউড

বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইমরান খান

মুম্বাই,১৫ অক্টোবর- মুম্বাইয়ে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির বিদেশি নিবন্ধন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের নাগরিক এই অভিনেতাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে বলেছে মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)। তিনি বলিউড তারকা আমির খানের ভাতিজা। এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা কিরিত সোমাইয়া অভিযোগ করেন, ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী ইমরান খান রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়েছেন। তাঁর অভিযোগের পর বিষয়টি এফআরআরওর কাছে পাঠানো হয়। পরে সংস্থাটি অভিনেতাকে ভারত ছাড়ার নোটিশ দেয়। এক পুলিশ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইমরানের কাছে ওই নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। এই অভিনেতা মুম্বাইয়ের খার এলাকায় বসবাস করেন।

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেন ইমরান। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই কর্মসূচির আয়োজন করা হয়। ওই সময় ইমরান, তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন, মা নুসরাত এবং আত্মীয় জাইন মেরিসহ প্রায় ৪০০ জনকে আটক করে পুলিশ।

পরে জাইন অভিযোগ করেন, আটকের সময় পুলিশ তাঁকে মারধর ও হেনস্তা করেছে। একটি ভিডিওতে তিনি দাবি করেন, তাঁর শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে বিজেপি নেতা সোমাইয়া ইমরানকে ভারত থেকে বহিষ্কারের দাবি জানান। পাশাপাশি তাঁর নাগরিকত্ব যাচাই করার আহ্বান জানিয়ে প্রশ্ন তোলেন, বিদেশি নাগরিক হয়ে কেউ রাজনৈতিক আন্দোলনে অংশ নিতে পারেন কি না।

তবে বিক্ষোভে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করে ইমরান জানিয়েছেন, কোনো সংগঠনের প্রতিনিধি হিসেবে কিংবা নির্দিষ্ট কোনো দাবি নিয়ে তিনি সেখানে যাননি। মুম্বাইয়ের বাসিন্দা হিসেবে ব্যক্তিগত অবস্থান থেকেই কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি।

ইমরানের ভাষ্য অনুযায়ী, সেখানে যাওয়ার পেছনে তাঁর কোনো নির্দিষ্ট দাবি ছিল না। তিনি এই শহরে থাকেন এবং একজন নাগরিক হিসেবে সেখানে গিয়েছিলেন। মানুষের চলাচলের স্বাধীনতা কেন সীমিত করা হচ্ছে এবং কেন তাঁদের কণ্ঠরোধ করা হচ্ছে, তা দেখতেই বিক্ষোভে যোগ দিয়েছিলেন বলে জানান এই অভিনেতা।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পান বলিউড অভিনেতা ইমরান খান, তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং চাচাতো বোন জায়েন মারি খান। মুক্তির পর আটকের অভিজ্ঞতা তুলে ধরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। তাঁদের অভিযোগ, আটকের কারণ জানানো হয়নি, এমনকি বাড়ি ফেরার পথেও বাধার মুখে পড়তে হয়েছে।

এস এম/ ১৫ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language