পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার দফতর বণ্টন: কোন মন্ত্রীর ভাগে কোন দপ্তর?

কলকাতা, ১০ জুন – পশ্চিমবঙ্গের নবগঠিত রাজ্য মন্ত্রিসভার ৪১ জন মন্ত্রীর মধ্যে দফতর বণ্টন করা হয়েছে। বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করা হয়। নতুন এই মন্ত্রিসভায় ১৯ জন পূর্ণ মন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র, আইন ও বিচার, ভূমি ও ভূমি রাজস্ব এবং বিদ্যুৎ দফতরের দায়িত্ব। অর্থ দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয়েছে স্বপন দাশগুপ্তের হাতে। শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তাপস রায়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে পেশায় চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায়কে। জগন্নাথ চট্টোপাধ্যায় পেয়েছেন উচ্চশিক্ষা দফতর এবং দীপক বর্মণকে স্কুল শিক্ষা, আবাসন ও ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে ৯ মে মুখ্যমন্ত্রীসহ ছয়জন মন্ত্রী শপথ নিলেও বাকি ৩৫ জন সদস্য ১ জুন লোক ভবনে শপথ গ্রহণ করেন। পুরনো মন্ত্রীদের ক্ষেত্রেও কিছু দফতর রদবদল করা হয়েছে। দিলীপ ঘোষের হাতে কৃষি বিপণন ও প্রাণিসম্পদ ছাড়াও পঞ্চায়েত দফতর ন্যস্ত করা হয়েছে।
অগ্নিমিত্রা পাল পেয়েছেন পুর ও নগর উন্নয়ন দফতর এবং নিশীথ প্রামাণিককে দেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব। পরিবহণ ও শ্রম দপ্তরের দায়িত্বে থাকছেন অর্জুন সিং। সংসদীয় ও পর্যটন দফতর সামলাবেন শঙ্কর ঘোষ। কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দুধকুমার মন্ডল।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের মধ্যে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব পেয়েছেন ইন্দ্রনীল খাঁ। প্রতিমন্ত্রী হিসেবে অশোক দিন্দা পেয়েছেন কৃষি বিপণন, ক্ষুদ্র এবং বড় শিল্পের দায়িত্ব এবং পূর্ণিমা চক্রবর্তীকে দেওয়া হয়েছে তথ্য ও সংস্কৃতি বিষয়ক এবং পর্যটন দপ্তরের দায়িত্ব।
এস এম/ ১০ জুন ২০২৬









