পশ্চিমবঙ্গে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ল, বিপাকে ব্যবসায়ীরা

কলকাতা, ২ জুন – কলকাতাসহ সমগ্র পশ্চিমবঙ্গে ফের বাড়ানো হয়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ৫৩.৫০ টাকা বৃদ্ধি পেয়ে ৩,২৫৫.৫০ টাকায় দাঁড়িয়েছে। তবে সাধারণ মানুষের স্বস্তি দিয়ে গৃহস্থালির ব্যবহারের জন্য ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম ৯৩৯ টাকাই অপরিবর্তিত রয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে এই মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে রান্নার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার নতুন এক কঠোর নিয়ম কার্যকর করেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, এখন থেকে একই বাড়িতে এলপিজি সিলিন্ডার এবং পাইপলাইন গ্যাস সংযোগ একত্রে রাখা যাবে না। কোনো বাড়িতে পাইপলাইনের গ্যাস সংযোগ থাকলে এলপিজি কানেকশনটি অবশ্যই বিচ্ছিন্ন করতে হবে।
এর আগে গত মে মাসে বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটা বাড়ানো হয়েছিল। সেই ধকল কাটিয়ে ওঠার আগেই পুনরায় মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে হোটেল, রেস্তোরাঁ এবং ক্ষুদ্র খাদ্য ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ব্যবসায়ীদের একাংশের মতে, ক্রমবর্ধমান এই খরচ নিজেদের পকেট থেকে বহন করা অসম্ভব হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে কলকাতার রেস্তোরাঁগুলোতে খাবারের দাম বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।
এনএন/ ২ জুন ২০২৬









