রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের জোরালো ভূমিকার আহ্বান জানাল বাংলাদেশ

ঢাকা, ১০ জুন – মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের প্রতি আরও জোরালো সম্পৃক্ততার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মঙ্গলবার ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের বৈঠকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এই আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে পররাষ্ট্র সচিব বলেন,
রাখাইনে রোহিঙ্গাদের সফল প্রত্যাবাসনের ক্ষেত্রে আসিয়ানের আরও বেশি সক্রিয় হওয়া প্রয়োজন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই সংকটের কথা উল্লেখ করে আসাদ আলম সিয়াম অভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ধারাবাহিক বহুপাক্ষিক সম্পৃক্ততার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তিনি জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তা এবং সরবরাহ শৃঙ্খলের স্থায়িত্বকে বর্তমান সময়ের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন। এসব সমস্যা কার্যকরভাবে সামাল দিতে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি।
বৈঠকের ফাঁকে পররাষ্ট্র সচিব ফিলিপাইনের আন্ডার সেক্রেটারি এবং আসিয়ানের ডেপুটি সেক্রেটারি-জেনারেলের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ছাড়াও আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার বিষয়ে বাংলাদেশের প্রার্থিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য, আসিয়ান আঞ্চলিক ফোরাম হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যেখানে সদস্য রাষ্ট্র ও সংলাপ অংশীদাররা একত্রিত হন।
এস এম/ ১০ জুন ২০২৬









