বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু

দিনাজপুর, ১৫ আগস্ট – দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি সারিয়ে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা ৪৩ মিনিটে ইউনিটটি চালু করা হয়। বর্তমানে এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকালে এই ইউনিটের একটি পাম্পে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, ত্রুটি মেরামতের পর শনিবার সকাল থেকে ইউনিটটি পুনরায় সচল করা সম্ভব হয়েছে।
তবে ১ নম্বর ইউনিটটিতে প্রায়ই যান্ত্রিক গোলযোগ দেখা দিচ্ছে। ২০২০ সালে ইউনিটটির বড় ধরনের সংস্কার বা ওভারহোলিং করার কথা থাকলেও আজ পর্যন্ত তা সম্পন্ন করা হয়নি। কেন্দ্রটির টেকসই উৎপাদনের স্বার্থে এই ইউনিটটি দ্রুত সংস্কার করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য যে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট তিনটি ইউনিট রয়েছে। এর মধ্যে বর্তমানে ১ নম্বর ও ৩ নম্বর ইউনিট চালু আছে। ৩ নম্বর ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ১৬০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে। বর্তমানে সচল দুটি ইউনিট মিলে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে মোট ২৩০ থেকে ২৩৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে।
এস এম/ ১৫ আগস্ট ২০২৬









