দিনাজপুর

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ, শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ

দিনাজপুর, ১৪ জুলাই – শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এই কর্মসূচি চলাকালে বাস ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে নামে। তারা শহরের গুরুত্বপূর্ণ নিমনগর ফুলবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় সড়ক ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এর এক পর্যায়ে দুপুর পৌনে দুইটার দিকে রাহী এন্টারপ্রাইজের একটি বাস ভাঙচুরের অভিযোগ তোলেন পরিবহন শ্রমিকরা। এর প্রতিবাদে তারা প্রধান সড়কে আড়াআড়িভাবে বাস রেখে যান চলাচল বন্ধ করে দেয়। এ নিয়ে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পাঁচজন শিক্ষার্থী ও তিনজন শ্রমিক আহত হন।

অবরোধের ফলে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর স্টেশনে আটকা পড়ে। ট্রেনটি দুপুর ২ টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও আন্দোলনের কারণে তা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরনবী জানান, পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার ও অবরোধ প্রত্যাহারের চেষ্টা চালাচ্ছে।

এনএন/ ১৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language