দিনাজপুর

স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তঃনগর ট্রেন

হিলি স্টেশন

দিনাজপুর,১৫ নভেম্বর- দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে স্বাধীনতার পর প্রথমবারের মতো ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও যাত্রীদের মধ্যে আনন্দ-উৎসবের পরিবেশ তৈরি হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

হিলি রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, যাত্রীদের দীর্ঘদিনের দাবি এবং সম্ভাব্য রাজস্ব আয়ের বিষয়টি বিবেচনা করে গত ২৮ অক্টোবর হিলি স্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে ট্রেন দুটির যাত্রাবিরতি কার্যকর হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, ব্রিটিশ আমলে নির্মিত গুরুত্বপূর্ণ এই রেলস্টেশনে স্বাধীনতার পর থেকে ঢাকাগামী কোনো আন্তঃনগর ট্রেন থামত না। ফলে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহারকারী পাসপোর্টধারী যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ট্রেনে যাতায়াতের জন্য পাশের বিরামপুর অথবা জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে যেতে হতো। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ভোগান্তিতে পড়তে হতো তাঁদের।

তারা আরও জানান, নতুন এই উদ্যোগের ফলে রাজধানী ঢাকার সঙ্গে হিলির সরাসরি রেল যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। এতে স্থানীয় মানুষের যাতায়াত আরও সহজ হবে।

এস এম/ ১৫ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language