জাতীয়

রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বন্ডের বিনিয়োগসীমা ও মেয়াদসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের উদ্যোগ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

ঢাকা,১৫ নভেম্বর-বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে নন-রেসিডেন্ট কনভার্টেবল (এনআরসি) অ্যাকাউন্টের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রবাসীদের জন্য চালু থাকা তিন ধরনের বন্ডের বিনিয়োগসীমা ও মেয়াদসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ, সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’ শীর্ষক পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬-এ তিনি এসব কথা বলেন।

সম্মেলনে গভর্নর জানান, ইতোমধ্যে এনআরসি অ্যাকাউন্ট চালু করা হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় অ্যাকাউন্টটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো সম্ভব হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রতিবেশী দেশগুলোর উদাহরণ দিয়ে মো. মোস্তাকুর রহমান বলেন, ‘একই ধরনের অ্যাকাউন্টের মাধ্যমে ভারত চার-পাঁচ মাসে ৩২ বিলিয়ন ডলার এবং পাকিস্তান ১৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। বাংলাদেশও এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে চায়।’

তিনি আরও বলেন, আগামী তিন থেকে চার বছরে এনআরসি খাতে যে অর্থ পরিশোধ করতে হবে, তা যেন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বড় ধরনের চাপ তৈরি না করে, সেই লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

এ ছাড়া প্রবাসীদের জন্য চালু থাকা তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান গভর্নর। তিনি বলেন, ‘প্রায় পাঁচ বছর আগে কোনো এক কারণে এই তিন ধরনের বন্ডের মেয়াদ সর্বোচ্চ ১৫ বছরে সীমাবদ্ধ করা হয়েছিল। এখন সেগুলোর মেয়াদ ও বিনিয়োগের সুযোগ আরও উন্মুক্ত করার বিষয়ে কাজ চলছে।’

গভর্নর জানান, বর্তমানে এই তিন ধরনের বন্ডে মোট ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। বন্ডগুলোর ওপর থাকা বিধিনিষেধ শিথিল করা গেলে দেশে আরও বৈদেশিক মুদ্রা আসবে বলে আশা করা হচ্ছে। এতে দেশের রিজার্ভ বাড়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের সরবরাহও বাড়বে।

বর্তমানে বেসরকারি ব্যাংকগুলোর মোট ঋণের ৭০ থেকে ৮০ শতাংশই করপোরেট খাতে যাচ্ছে। এ অবস্থায় করপোরেট ঋণের ওপর ব্যাংকগুলোর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে ক্ষুদ্র ব্যবসা ও খুচরা ঋণগ্রহীতাদের ঋণ দেওয়ার পরিমাণ বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক।

গভর্নর মো. মোস্তাকুর রহমান জানান, আগামী বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংক এমন একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারে, যেখানে ব্যাংকগুলোকে তাদের মোট ঋণের অন্তত ২০ শতাংশ খুচরা গ্রাহকদের এবং ৩৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে দিতে বলা হবে। এর ফলে করপোরেট খাতে ঋণের পরিমাণ ৪৫ শতাংশে নামিয়ে আনা হবে। তিনি বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোকে শুধু বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করার জন্য লাইসেন্স দেওয়া হয়নি।

গভর্নর বলেন, ‘আমাদের করপোরেট ঋণ ৪৫ শতাংশে নামিয়ে আনতে হবে। বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের চাহিদা পুঁজিবাজারের মাধ্যমে মেটানো উচিত।’ এ বিষয়ে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে ইতোমধ্যে আলোচনা চলছে বলেও জানান তিনি।

মো. মোস্তাকুর রহমান বলেন, ব্যাংক ঋণের আরও ভারসাম্যপূর্ণ বণ্টন অর্থনীতিতে মানুষের ক্রয়ক্ষমতা তৈরিতে সহায়তা করতে পারে। একই সঙ্গে বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোও বিকল্প অর্থায়নের উৎস ব্যবহার করে তাদের কার্যক্রম সচল রাখতে পারবে।

তিনি আরও জানান, দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ তৈরি করতে তিন ধরনের বন্ডের মেয়াদ ১৫ বছরের মধ্যে সীমাবদ্ধ রাখার নিয়ম তুলে দেওয়ার বিষয়ে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে এই তিন শ্রেণির বন্ডে জমা অর্থের পরিমাণ মাত্র ৬০৬ মিলিয়ন ডলার। মেয়াদের এই বিধিনিষেধ তুলে নেওয়া হলে আরও বেশি বৈদেশিক মুদ্রা দেশে আসবে এবং রিজার্ভ শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন বলেন, ব্যাংকিং খাতে সংস্কার এবং সুশাসন ফিরিয়ে আনার প্রচেষ্টা ধীরে ধীরে আর্থিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনছে।

তিনি জানান, ব্যাংকগুলোর হাতে বর্তমানে প্রায় ৪ লাখ ৮২ হাজার কোটি টাকার অতিরিক্ত তারল্য রয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে এই অর্থ উৎপাদনশীল খাতে ব্যবহার করা প্রয়োজন।

মাসরুর আরেফিন বলেন, ব্যাংকগুলোর ঋণের পরিমাণ বাড়ানোর চেয়ে ঋণের মান উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে এসএমই, ক্ষুদ্র উদ্যোক্তা, খুচরা ব্যবসা ও ভোক্তাদের ঋণের ক্ষেত্রে এ বিষয়ে মনোযোগ দিতে হবে। এ ছাড়া প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা আনুমানিক ১ লাখ ৮৭ হাজার কোটি টাকা মূলধারার অর্থনীতিতে নিয়ে আসার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। এ জন্য কিউআর কোডভিত্তিক লেনদেনের ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন।

সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৪ দশমিক ২ শতাংশ বেড়ে প্রায় ১৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

রপ্তানি আয়েও ৬ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা যাচ্ছে বলে জানান সিটি ব্যাংকের সিইও। তবে এ খাত এখনো তৈরি পোশাকশিল্পের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। মোট রপ্তানির প্রায় ৮০ দশমিক ৭ শতাংশই আসে এই খাত থেকে।

খেলাপি ঋণের বাড়তে থাকা চাপ মোকাবিলা এবং ব্যাংকগুলোর ব্যালেন্স শিট পরিষ্কার করতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠনের আহ্বান জানান মাসরুর আরেফিন।

এস এম/ ১৫ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language