শেখ হাসিনার ক্ষমতায় ফেরার সম্ভাবনা নেই, সময় শেষ: ড্যান মোজেনা

ঢাকা,১৫ নভেম্বর-বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মোজেনা বলেছেন, শেখ হাসিনার সময় শেষ হয়ে গেছে। তাঁর মতে, বাংলাদেশের ক্ষমতার সর্বোচ্চ পদে ফেরার সম্ভাবনা শেখ হাসিনার আর নেই।
শেখ হাসিনা যেন বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়ন্ত্রণ করতে না পারেন, সে বিষয়ে সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যতের কারণে বাংলাদেশের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে দেওয়া উচিত নয়।
সম্প্রতি সংবাদমাধ্যম ‘ডেইলি ওয়াদ্দা’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন ড্যান মোজেনা।
তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করতে দেওয়া যাবে না। সবার আগে গুরুত্ব দিতে হবে বাংলাদেশের জনগণের স্বার্থকে।
২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন মোজেনা। ওই সময় আওয়ামী লীগ সরকারের শাসনামলে অনেক মানুষ নির্যাতন ও দুর্ভোগের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এসব ক্ষত এবং মানুষের ক্ষোভ সহজে মুছে যাওয়ার নয়। তবে অতীতের রাজনৈতিক বিরোধের কারণে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার পথ বন্ধ করে দেওয়া ঠিক হবে না।
মোজেনার মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব হলো দেশের স্বার্থকে এগিয়ে নেওয়া। এ জন্য ভারতের সঙ্গে সীমান্ত, বাণিজ্য, পানি, অভিবাসন ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসতে হবে। এসব সমস্যা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে। ভারত থেকে তাঁর রাজনৈতিক বক্তব্য এবং বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও ঢাকা-নয়াদিল্লির সম্পর্কে অস্বস্তি রয়েছে। শেখ হাসিনার ভারতে অবস্থান দ্বিপক্ষীয় সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মোজেনা বলেন, বিষয়টি স্বাভাবিকভাবেই দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলছে। শেখ হাসিনার শাসনপদ্ধতি সম্পর্কে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। ওই সরকারের কারণে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, সেটিও তিনি বুঝতে পারেন।
বাংলাদেশে দায়িত্ব পালনের সময় শেখ হাসিনার সঙ্গে নিজের তিক্ত সম্পর্কের কথাও তুলে ধরেন মোজেনা। তাঁর দাবি, শেখ হাসিনা প্রকাশ্যেই তাঁকে অপছন্দ করতেন। অথচ সেই সরকারের সহযোগিতাতেই তিনি দেশের ৬৪টি জেলা সফর করেছেন। এমনকি গোপালগঞ্জে শেখ হাসিনার পরিবারের গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরিয়ে দেখানোর জন্য তাঁর এক স্বজনকেও সঙ্গে পাঠানো হয়েছিল।
শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, নাকি দিল্লিতেই থাকবেন, সে বিষয়ে তাঁর কোনো ধারণা নেই বলে জানান মোজেনা।
তবে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। তাঁর ধারণা, শেখ হাসিনার রাজনৈতিক সময় হয়তো শেষ হয়ে এসেছে। ভবিষ্যতে তাঁর বক্তব্য শোনা গেলেও বাংলাদেশের ক্ষমতার শীর্ষ পদে ফিরে আসার সম্ভাবনা কম।
ভারতের উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত।
সাক্ষাৎকারে তিনি আবারও বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তাঁর বক্তব্য, শেখ হাসিনা এখন আর বাংলাদেশের প্রধানমন্ত্রী নন। তিনি দিল্লিতে অবস্থান করছেন এবং নিজের মতো করে কর্মকাণ্ড চালাচ্ছেন। এসব বিষয় নিয়ে পড়ে না থেকে বাংলাদেশের স্বার্থ এগিয়ে নিতে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া উচিত।
এস এম/ ১৫ নভেম্বর ২০২৬







