জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান রাষ্ট্রদূত সঞ্চিতা হক

ঢাকা, ১৪ নভেম্বর – জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান বা ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম’-এর দায়িত্ব পেয়েছেন পেশাদার কূটনীতিক ও ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান রাষ্ট্রদূত সঞ্চিতা হক। চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আন্তর্জাতিক সেমিনারে স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন খানের অনুপস্থিতিকালীন সময়ে তিনি আগামী ১৩ থেকে ২২ নভেম্বর পর্যন্ত এই গুরুদায়িত্ব পালন করবেন।
নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে জাতিসংঘের সদস্য ও পর্যবেক্ষক দেশগুলোর স্থায়ী মিশনগুলোতে পাঠানো এক কূটনৈতিক নোটে এই তথ্য জানানো হয়েছে।
সঞ্চিতা হকের বর্ণাঢ্য কূটনৈতিক ক্যারিয়ার:
পেশাদার কূটনীতিক সঞ্চিতা হক ২০০৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন। গত ৯ জুলাই নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে রাষ্ট্রদূত পদমর্যাদায় উপস্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পান তিনি।
দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে তিনি এর আগে নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে।
ব্রাহ্মণবাড়িয়ার গর্ব ও পারিবারিক ঐতিহ্য:
রাষ্ট্রদূত সঞ্চিতা হকের পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের ঐতিহ্যবাহী মোল্লাবাড়িতে। তাঁর দাদা মরহুম শামসুল হুদা ওরফে লাল মিয়া মুন্সি ব্রিটিশ ও পাকিস্তান আমলে দীর্ঘ ৩৫ বছর অত্যন্ত সুনামের সঙ্গে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর এই গৌরবময় সাফল্যে উচ্ছ্বসিত এলাকাবাসী ও পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসী।
এনএন/ ১৪ নভেম্বর ২০২৬







