রোগ প্রতিরোধমূলক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: জুবাইদা রহমান

ঢাকা,১৪ নভেম্বর-রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো সেভাবে উৎসাহিত করা হয়নি। ফলে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব। এই পরিস্থিতি পরিবর্তনে বর্তমান সরকার রোগ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
তিনি বলেন, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। তারা রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে সহায়তা করবেন। রোগ প্রতিরোধের এই জ্ঞান মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং আস্থার প্রয়োজন। গত ১২ বছর ধরে আইদেশি ঠিক এই কাজটিই করে আসছে।
তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বলেন, কাজের ধীরগতির কারণে তারা হয়তো কিছুটা হতাশ হতে পারেন। তবে তাদের এ কথা ভেবে গর্বিত হওয়া উচিত যে, তাদের এই কাজ অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে।
এ সময় তিনি আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরী এবং প্রতিষ্ঠানটির সব বিজ্ঞানী ও কর্মীকে আন্তরিক প্রশংসা ও অভিনন্দন জানান।
এস এম/ ১৪ নভেম্বর ২০২৬







