রাজনৈতিক পরিচয়ের বদলে নিজ পেশাগত দক্ষতায় পরিচিত হতে হবে চিকিৎসকদের: মির্জা আব্বাস

ঢাকা,১৪ নভেম্বর-চিকিৎসকদের রাজনৈতিকভাবে পরিচিত হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে বিএমইউ সুপার হাসপাতালের কনফারেন্স হলে ‘জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
মির্জা আব্বাস বলেন, চিকিৎসক তাঁর নিজস্ব পরিচয়েই পরিচিত হবেন। রাজনৈতিক প্রভাবের কারণে অনেক সময় চিকিৎসকেরা তাঁদের অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা যথাযথভাবে কাজে লাগাতে পারেন না।
এ অবস্থায় পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজনীতির প্রভাবমুক্ত থাকা এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।
চিকিৎসকদের সেবাদান প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশের চিকিৎসকেরা অন্য যেকোনো দেশের চিকিৎসকদের তুলনায় কোনো অংশেই কম নন।
অনুষ্ঠানে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করার আহ্বান জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
তিনি আরও বলেন, এ ব্যবস্থা কার্যকর করা গেলে মানুষ অনেক জটিল রোগ থেকেও সহজেই সুস্থ হয়ে উঠতে পারবেন।
এস এম/ ১৪ নভেম্বর ২০২৬







