দক্ষিণ এশিয়া

চীনের সীমান্ত পর্যন্ত সড়ক নির্মাণ করেও বাণিজ্যপথ খুলতে পারছে না তালেবান সরকার

চীনের সীমান্ত পর্যন্ত সড়ক

কাবুল,১৪ নভেম্বর-আফগানিস্তান থেকে চীনের সীমান্ত পর্যন্ত নতুন সড়ক নির্মাণ করেছে তালেবান সরকার। প্রায় ৪ হাজার ৯০০ মিটার উচ্চতায় দুর্গম ওয়াখজির গিরিপথ পর্যন্ত সড়কটি নির্মাণ করা হলেও এখনই বাণিজ্যের জন্য সীমান্ত খুলতে রাজি নয় বেইজিং। ফলে দক্ষিণ, মধ্য ও পূর্ব এশিয়ার মধ্যে নতুন বাণিজ্যপথ তৈরির আফগান পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে।

গত ৪ অক্টোবর আফগানিস্তানের বাদাখশান প্রদেশের ওয়াখান করিডর দিয়ে সীমান্ত পর্যন্ত নির্মিত সড়কটির উদ্বোধন করে তালেবান সরকার।

দেশটির গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩৬ কোটি ৫০ লাখ আফগানি (প্রায় ৫৫ লাখ ডলার) ব্যয়ে দুই ধাপে সড়কটি নির্মাণ করা হয়েছে। তবে সড়কটি এখনো পাথর ও নুড়ি বিছানো কাঁচা রাস্তা হিসেবেই রয়েছে।

চীনের দিকে কোনো শুল্ক বা সীমান্ত নিয়ন্ত্রণকেন্দ্র নেই। এ ছাড়া শীতকালে তুষারপাতের কারণে ওয়াখজির গিরিপথ বছরে অন্তত পাঁচ মাস বন্ধ থাকে।

প্রায় ৩৫০ কিলোমিটার দীর্ঘ সরু ওয়াখান করিডরটি তাজিকিস্তান ও পাকিস্তানের মাঝখানে অবস্থিত। উনিশ শতকে ব্রিটিশ ও রুশ সাম্রাজ্যের ভূরাজনৈতিক প্রতিযোগিতার কারণে এর বর্তমান ভৌগোলিক রূপ তৈরি হয়। ১৯৬৩ সালে আফগানিস্তান ও চীন নিজেদের সীমান্ত নির্ধারণ করে।

তালেবান সরকারের লক্ষ্য, এই সড়ককে চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সঙ্গে যুক্ত করে আফগানিস্তানের বাণিজ্য সম্প্রসারণ করা এবং পাকিস্তানের ওপর নির্ভরতা কমানো। দেশটির জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও ইরানের সঙ্গে সীমান্তপথে চলাচল সংঘাত ও অস্থিরতার কারণে বাধাগ্রস্ত হয়েছে।

তবে চীনের কাছে অর্থনৈতিক সম্ভাবনার চেয়ে নিরাপত্তার বিষয়টিই বেশি গুরুত্বপূর্ণ। বেইজিংয়ের আশঙ্কা, উইঘুর বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা এই পথ ব্যবহার করে চীনের জিনজিয়াং অঞ্চলে প্রবেশ করতে পারে। এ কারণে সীমান্ত খুলে দেওয়ার আগে কার্যকর নিরাপত্তার নিশ্চয়তা চায় চীন।

২০২৫ সালের আগস্টে কাবুল সফরের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ওয়াখান করিডরে দুই দেশের যৌথ সীমান্ত টহল আবারও শুরুর আহ্বান জানিয়েছিলেন।

বিশ্লেষকদের মতে, ওয়াখান করিডর চালু হলে আফগানিস্তান, চীন ও মধ্য এশিয়ার মধ্যে বাণিজ্যের নতুন সুযোগ তৈরি হতে পারে। এমনকি ভবিষ্যতে এই পথ ইরানের সঙ্গে চীনের স্থলবাণিজ্য সংযোগের মাধ্যমও হয়ে উঠতে পারে।

তবে নিরাপত্তা উদ্বেগ ও আঞ্চলিক ভূরাজনৈতিক প্রতিযোগিতা কাটিয়ে সীমান্ত খুলতে না পারলে নতুন সড়কটি কার্যত বিচ্ছিন্ন একটি পাহাড়ি পথ হয়েই থাকবে।

এস এম/ ১৪ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language