নিখোঁজের একদিন পর জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

জম্মু,১২ নভেম্বর-ভারতের জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় নিখোঁজ হওয়ার একদিন পর দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলার দুর্গম ডাচ্ছান এলাকা থেকে নিরাপত্তা বাহিনী তাঁদের মরদেহ উদ্ধার করে। এ সময় তাঁদের সঙ্গে থাকা সরকারি অস্ত্রের কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিহত দুই কর্মকর্তা হলেন বাবি চাঁদ (৫৭) ও রাশপাল কুমার (৪৫)। তাঁরা স্থানীয় পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের (এসওজি) সদস্য ছিলেন। ডাচ্ছান এলাকার কিয়ার গ্রামে তাঁরা দায়িত্ব পালন করতেন।
কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বুধবার তাঁরা কিয়ার এলাকা থেকে মারওয়াহ সেক্টরের একটি সেনা পোস্টের উদ্দেশে রওনা হয়েছিলেন। সেখানে দায়িত্বে থাকা সেনাসদস্যদের সঙ্গে তাঁদের দায়িত্ব বদল করার কথা ছিল। তবে নির্ধারিত স্থানে তাঁরা পৌঁছাননি। পরে তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তল্লাশি অভিযান শুরু করা হয়।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে দেহারনা বনাঞ্চলের কাছে গুলির শব্দ শোনা যায়। এরপর বিষয়টি নিরাপত্তা বাহিনীকে জানানো হয়।
নিখোঁজ দুই কর্মকর্তার সন্ধানে ভারতীয় সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং স্থানীয় পুলিশ যৌথভাবে দুর্গম পাহাড়ি ও বনাঞ্চলে অভিযান চালায়। এর পরই তাঁদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
এস এম/ ১২ নভেম্বর ২০২৬







