ঢাকা-পাবনা রুটের দুই নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু, চলবে ২০ নভেম্বর থেকে

ঢাকা,১২ নভেম্বর-ঢাকা-পাবনা রুটে চালু হতে যাওয়া আন্তনগর ট্রেন পাবনা প্রভাতী এক্সপ্রেস ও পাবনা গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে তিন দিনের যাত্রার টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। আগামী ১৯ নভেম্বর ট্রেন দুটি উদ্বোধন করা হবে।
বাংলাদেশ রেলওয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট অনলাইনে কেনা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এরপর থেকে প্রতিটি যাত্রার টিকিট নির্ধারিত নিয়ম অনুযায়ী যাত্রার ১০ দিন আগে অনলাইনে বিক্রি করা হবে। তবে ১৯ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা উদ্বোধনী বিশেষ ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না।
এই ট্রেনের টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে। উদ্বোধনী যাত্রায় ট্রেনটি পাবনা থেকে ঢাকা যাওয়ার পথে শুধু ঈশ্বরদী স্টেশনে থামবে।
২০ নভেম্বর থেকে ট্রেন দুটি বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে। ওই দিন থেকে পাবনা গোধূলি এক্সপ্রেস ঢাকা থেকে পাবনার উদ্দেশে বিকেল ৩টা ২৫ মিনিটে ছেড়ে যাবে। অন্যদিকে পাবনা প্রভাতী এক্সপ্রেস পাবনা থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টায় যাত্রা শুরু করবে।
নিয়মিত চলাচলের সময় ঢাকা-পাবনা রুটে ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে ট্রেন দুটির যাত্রাবিরতি থাকবে।
এস এম/ ১২ নভেম্বর ২০২৬







