পরিস্থিতি স্বাভাবিক না হলে ১৫ নভেম্বর থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভারের কারখানা বন্ধের সিদ্ধান্ত

ঢাকা,১৪ নভেম্বর-বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী ১৫ নভেম্বর থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার পোশাক কারখানাগুলো বন্ধ রাখা হবে।
শনিবার (১৪ নভেম্বর) চলমান শ্রমিক অসন্তোষ ও মজুরি বৃদ্ধি নিয়ে জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মাহমুদ হাসান খান বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর ফলে শিল্পাঞ্চলগুলোতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং রপ্তানি আয় বাধাগ্রস্ত হচ্ছে। কারখানার ভেতরে ভীতিকর ও অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এতে কর্মীরা হাজিরা দিয়ে কারখানা থেকে বের হয়ে যাচ্ছেন। কারখানায় ভাঙচুর করতেও বাধ্য করা হচ্ছে। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ১৪৭টি কারখানা বন্ধ রয়েছে।
তিনি বলেন, একটি মহলের কারণে মজুরি বোর্ড স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না। এই মুহূর্ত থেকে পরিস্থিতি স্বাভাবিক না হলে মজুরি বোর্ডে মালিকপক্ষের আলোচনা প্রশ্নবিদ্ধ হবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে শ্রম আইন অনুযায়ী ১৫ নভেম্বর থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার কারখানাগুলো বন্ধ রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন শিল্পমালিকরা।
এস এম/ ১৪ নভেম্বর ২০২৬







