আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত একাধিক যৌথ মহড়ায় ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা প্রদর্শন

দিল্লি,১৪ নভেম্বর-চলতি বছর ইন্দো-প্যাসিফিক অঞ্চল থেকে আটলান্টিক ও ভূমধ্যসাগর পর্যন্ত বেশ কয়েকটি যৌথ সামরিক কার্যক্রম পরিচালনা করেছে ভারতীয় নৌবাহিনী। এ সময়ে বিভিন্ন বহুজাতিক ও দ্বিপক্ষীয় সামরিক মহড়া এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোতে নৌবাহিনীর সফরের মাধ্যমে পারস্পরিক কার্যক্ষমতা, সামুদ্রিক অংশীদারিত্ব ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হয়েছে।
এসব কার্যক্রমের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সামরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের সক্ষমতা ও প্রস্তুতির জানান দিয়েছে দেশটির নৌবাহিনী। চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় কয়েকটি যৌথ সামরিক মহড়া ও টহল পরিচালনা করেছে ভারতীয় নৌবাহিনী।
এসব কার্যক্রমের মধ্যে ছিল মিয়ানমারের সঙ্গে যৌথ টহল, শ্রীলঙ্কার সঙ্গে ১৩তম নৌ-মহড়া ‘স্লিনেক্স’ এবং বিমসটেকের প্রথম সামুদ্রিক নিরাপত্তা মহড়া। এ ছাড়া চেন্নাইয়ে মিয়ানমারের সঙ্গে মানবিক সহায়তাবিষয়ক মহড়া ‘রাহাত মিত্র’ অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বিশাখাপত্তনমে ভারত ও মিয়ানমারের অষ্টম যৌথ নৌ-মহড়া ‘আইএমএনইএক্স-২৬’ চলছে। এতে দুই দেশের যুদ্ধজাহাজ অংশ নিয়েছে।
আসিয়ান-ভারত সামুদ্রিক সহযোগিতা কর্মসূচির অংশ হিসেবে মালয়েশিয়ার লুমুটে ‘সমুদ্র লক্ষ্মণ’ মহড়ায় অংশ নেয় ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস মহীশূর। এরপর ফিলিপাইনের সুবিক উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা মহড়ায় যোগ দেয় আইএনএস সহ্যাদ্রি ও আইএনএস কুলিশ। অক্টোবরে বিশাখাপত্তনমে সিঙ্গাপুরের সঙ্গে যৌথ নৌ-মহড়া ‘সিমবেক্স’ও অনুষ্ঠিত হয়।
এ ছাড়া রাশিয়ার ভ্লাদিভোস্তকে দেশটির নৌবাহিনীর সঙ্গে ‘ইন্দ্র’ মহড়া, দক্ষিণ কোরিয়ার বুসানে দ্বিপক্ষীয় মহড়া এবং জাপানের ইয়োকোসুকায় যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে ‘মালাবার’ মহড়ায় অংশ নেয় ভারতীয় নৌবাহিনী।
পশ্চিম ও ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলোতেও বিভিন্ন দেশের সঙ্গে যৌথ সামরিক কার্যক্রমে অংশ নিয়েছে দেশটির নৌবাহিনী। এ সময় যুদ্ধজাহাজ আইএনএস ত্রিশূল মিসরের আলেকজান্দ্রিয়ার কাছে দেশটির নৌবাহিনীর সঙ্গে মহড়া, ফ্রান্সের তুলনে ‘ভারুনা’ এবং যুক্তরাজ্যের প্লাইমাউথের কাছে রয়্যাল নেভির সঙ্গে ‘কোঙ্কন’ মহড়ায় অংশ নেয়।
অন্যদিকে স্পেনের ভ্যালেন্সিয়া বন্দর পরিদর্শন এবং ওমানের সঙ্গে ‘নাসিম আল বাহর’ মহড়ায়ও অংশ নেয় জাহাজটি।
সম্প্রতি মিসরের সাফাঘা নৌঘাঁটি পরিদর্শন করে আইএনএস ত্রিশূল। এ সময় দুই দেশের নৌবাহিনীর মধ্যে লোহিত সাগরের নিরাপত্তা নিয়ে আলোচনা, যৌথ ডুবুরি প্রশিক্ষণ এবং বিভিন্ন নৌ ইউনিট পরিদর্শন করা হয়।
ভারতের প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শনী ইতালির লিভোর্নো বন্দর পরিদর্শন করে। আইএনএস তারকাশ কেনিয়ার মোম্বাসায় দেশটির নৌবাহিনীর সঙ্গে মহড়ায় অংশ নেয়। পরে দক্ষিণ আফ্রিকার সাইমনস টাউনের কাছে ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিপক্ষীয় ‘আইবিএসএমএআর’ মহড়ায় যোগ দেয়।
এসব যৌথ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন দেশের নৌবাহিনীর সঙ্গে সহযোগিতা ও সমন্বয়ের সক্ষমতা বাড়াচ্ছে ভারত। একই সঙ্গে সমুদ্রে তল্লাশি, বিস্ফোরক নিষ্ক্রিয় করা এবং দুর্যোগ মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করছে দেশটির নৌবাহিনী।
এস এম/ ১৪ নভেম্বর ২০২৬







