জাতীয়

জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ঢাকা,১৪ নভেম্বর-সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, সমাজে জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই। তারা নিজেদের গোষ্ঠীর লোকজন নিয়ে জঙ্গলে বসবাসকারীদের মতো বিচ্ছিন্ন থাকে।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, সাইবার স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানজনক শব্দচয়নের কারণে অধিকাংশ মানুষ তাদের বিরুদ্ধে ভয়ে কথা বলেন না। তবে অনেকের কণ্ঠস্বর রুদ্ধ করতে পারলেও তার মতো হাতেগোনা কয়েকজন তাদের মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। গণঅভ্যুত্থানের পর ছদ্মবেশী আবরণ থেকে বেরিয়ে আসার পর সচেতন মানুষের কাছে তাদের সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে যে, তাদের আমির থেকে শুরু করে কর্মী পর্যন্ত সবাই মোটামুটি একই চরিত্রের অধিকারী। তারা কখনো যুক্তি বা তথ্য দিয়ে জবাব দেন না। সম্মিলিত সাইবার আক্রমণের মাধ্যমে কাউকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন।

অভিযোগ করে তিনি বলেন, ঠিক যখন তিনি একের পর এক তাদের মিথ্যা ন্যারেটিভ ভেঙে দিয়েছেন, তখন জামায়াত-শিবিরের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন। জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্য শুনলেই বোঝা যায়, তার কারণে তাদের মতো ‘জান্নাতি দল’ হিসেবে নিজেদের পরিচয় দেওয়া গোষ্ঠীর তৈরি মিথ্যা ন্যারেটিভের কতটা ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, বিশেষ করে মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্য-প্রমাণ তুলে ধরা এবং জামায়াতের এমপি গাজী নজরুলের পর দলটির আরেক এমপি আমির হামজার নারীঘটিত অনৈতিক কর্মকাণ্ড প্রকাশিত হওয়ায় জামায়াত নেতাদের মুখোশ এখন মাঠেঘাটে উন্মোচিত হয়ে গেছে। এ কারণে তারা এখন পাগলের মতো উন্মাদ হয়ে তার বিরুদ্ধে নেমেছেন।

বিরোধী দল হওয়ার পর থেকে জামায়াত-শিবির যে জাহেলিয়াতি শুরু করেছে, তা উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, একটা সময় আসবে, যখন মানুষ জামায়াত-শিবিরের ধারেকাছেও যেতে চাইবে না।

এস এম/ ১৪ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language