শ্রমিক অসন্তোষের মধ্যেও সোমবার নতুন মজুরি প্রস্তাব দেবে পোশাক কারখানার মালিকরা

ঢাকা,১৫ নভেম্বর-কারখানার ভেতরে একটি মহল ভীতিকর পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন, এমন পরিস্থিতির কারণে সাধারণ শ্রমিকরা ঠিকভাবে কাজ করতে পারছেন না। তবে চলমান অস্থিরতার মধ্যেও আগামী সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডে নতুন মজুরির লিখিত প্রস্তাব জমা দেবেন মালিকরা।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে কারখানা মালিকদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
সংবাদ ব্রিফিংয়ে বিজিএমইএ সভাপতি জানান, একটি মহল কারখানার ভেতরে ভীতিকর পরিবেশ তৈরি করছে। এর ফলে সাধারণ শ্রমিকরা কারখানায় এসে হাজিরা দিয়েই বের হয়ে যেতে বাধ্য হচ্ছেন। এতে বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি সংকটের মুখে পড়ছে।
বিজিএমইএর দেওয়া তথ্য অনুযায়ী, চলমান আন্দোলনের কারণে শনিবার ৫৫টি কারখানা বন্ধ ছিল। এ ছাড়া মালিকরা চেষ্টা করেও আরও ৯২টি কারখানায় উৎপাদন শুরু করতে পারেননি।
এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও মালিকপক্ষ মজুরি বোর্ডে নতুন বেতন কাঠামোর প্রস্তাব জমা দেবে বলে জানিয়েছেন মাহমুদ হাসান খান বাবু। একই সঙ্গে কারখানাগুলো সচল রাখা এবং শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন শিল্পমালিকরা।
মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবিতে প্রায় তিন সপ্তাহ ধরে তৈরি পোশাকশিল্প এলাকাগুলোতে শ্রমিকদের বিক্ষোভ ও আন্দোলন চলছে। সরকার মজুরি বোর্ড গঠনের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও অনেক মালিক এখনো কারখানাগুলো পুরোপুরি চালু করতে পারেননি। উদ্ভূত পরিস্থিতিতে কিছু কারখানা বন্ধ রয়েছে। আবার কোথাও কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় উৎপাদন কার্যক্রম চলছে।
মজুরি বোর্ডের তৃতীয় সভার দুই দিন আগে শনিবার জরুরি বৈঠকে বসেন শিল্পমালিকরা। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, চলমান শ্রমিক অসন্তোষের কারণে যেসব মালিক কারখানা চালাতে পারছেন না, তারা শ্রম আইন অনুযায়ী রোববার (১৫ নভেম্বর) থেকে কারখানা বন্ধ রাখবেন।
এস এম/ ১৫ নভেম্বর ২০২৬







