বনানীর কড়াইল বস্তিতে আগুনে তরুণের মৃত্যু, পুড়েছে ৮টি ঘর ও দোকান

ঢাকা,১৫ নভেম্বর-রাজধানীর বনানীতে অবস্থিত কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ছাড়া আগুনে পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।
রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ভোর ৪টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে সকাল ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তারা টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেটে ইসলামের ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তাদের স্থায়ী ঠিকানা ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রাম।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এস এম/ ১৫ নভেম্বর ২০২৬







