দিনাজপুর

দিনাজপুরে বিএসএফের ঠেলে পাঠানো একই পরিবারের চার সদস্য আটক

দিনাজপুর, ২৪ জুন – দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বিএসএফের মাধ্যমে পুশ ব্যাক হওয়া একই পরিবারের চার সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সকালে উপজেলার শংকরপুর ইউনিয়নের বনতারা সালকি ডুয়াপাড়া সীমান্ত এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করার পর বিজিবির হাতে তুলে দেয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন নড়াইলের কালিয়া পৌরসভার মির্জাপুর এলাকার বাসিন্দা আকুব্বর মোল্লা, তার স্ত্রী জাহানারা বেগম, ছেলে বোরহান মোল্লা এবং জাহানারার ভাই রমজান মোল্লা।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য পঙ্কজ বসাক জানান, ভোরবেলা তারা যখন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন তখন গ্রামবাসী তাদের আটক করে। পরে আনসার ও ভিডিপি সদস্যদের সহায়তায় তাদের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং বিজিবিকে খবর দেওয়া হয়।

আটক ব্যক্তিদের বরাত দিয়ে ইউপি সদস্য আরও জানান, গত মঙ্গলবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাতি নিভিয়ে দিয়ে তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেয়।

দিনাজপুর ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান জানান, আটককৃতদের বর্তমানে বিজিবির হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

এনএন/ ২৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language