জাতীয়

আরও পাঁচ দিন সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ঢাকা, ১৫ আগস্ট – দেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী অন্তত পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, রোববার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সোমবার এবং মঙ্গলবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তবে বুধবার থেকে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী অন্তত পাঁচ দিন বৃষ্টির এই ধারা বজায় থাকবে বলে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।

এস এম/ ১৫ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language