রাজশাহী

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু

রাজশাহী, ১০ জুন – রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, ফগার মেশিনে মশক নিধন ও লার্ভিসাইড স্প্রে কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর উপশহর মোড়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

দুই সপ্তাহব্যাপী এই বিশেষ অভিযানের মাধ্যমে নগরীর মশক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে এবং নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করছি।

ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এর আগে গত ৬ জুন জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‌্যালি করা হয়েছিল। এই কর্মসূচি সফল করতে তিনি নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে নগরীর বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ করা হবে।

এস এম/ ১০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language