রাজশাহীতে ৩ ঘণ্টা পর স্বাভাবিক হলো বাস চলাচল

রাজশাহী, ৫ সেপ্টেম্বর – রাজশাহীতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল রুটে বাস চলাচল পুনরায় শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে নাটোর জেলা বাস মালিক ও শ্রমিকদের সাথে বিরোধের জেরে এই ধর্মঘট শুরু হয়েছিল। প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর বেলা পৌনে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হওয়ার ঘোষণা দেওয়া হয়।
দেশ ট্রাভেলসের ম্যানেজার মাসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, নাটোর ও রাজশাহীর পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বে হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।
এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা কাজে ফিরে যান। সংশ্লিষ্টরা জানিয়েছেন, খুব শীঘ্রই মালিক ও শ্রমিকদের একটি যৌথ সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধান খোঁজা হবে।
এস এম/ ৫ সেপ্টেম্বর ২০২৬







