পশ্চিমবঙ্গে সরকারি বাসে নারীদের জন্য বিনামূল্যে যাতায়াত শুরু

কলকাতা, ১ জুন – পশ্চিমবঙ্গে সরকারি বাসে নারীদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রাজ্য সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার থেকে এই সুবিধা কার্যকর করা হয়েছে। এখন থেকে এসি ও নন এসি লোকাল বাসের পাশাপাশি দূরপাল্লার সরকারি বাসেও নারী যাত্রীরা কোনো ভাড়া ছাড়াই যাতায়াত করতে পারবেন।
প্রাথমিক পর্যায়ে সরকারি অনুমোদিত যেকোনো পরিচয়পত্র প্রদর্শন করলেই নারীরা বিনামূল্যে টিকিট সংগ্রহ করতে পারবেন। পরবর্তীতে এই সুবিধা নিশ্চিত করতে নারী যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে রাজ্য সরকার।
পরিবহন দফতর সূত্রে জানা গেছে যে রাজ্যের বিভিন্ন সরকারি পরিবহন সংস্থার চালক ও কন্ডাক্টরদের এই বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন সেবা কার্যকর হওয়ার প্রথম দিনে নারী যাত্রীদের ভিড় এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন এলাকায় উপস্থিত ছিলেন পরিবহন বিভাগের কর্মকর্তারা।
সকালে কলকাতার বিভিন্ন অঞ্চলে সরকারি বাসে যাতায়াতকারী নারী যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন যে দৈনন্দিন যাতায়াত ব্যয় কমাতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম দিকের মন্ত্রিসভা বৈঠকেই নারীদের জন্য এই বিনামূল্যে যাতায়াত সুবিধা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
এস এম/ ১ জুন ২০২৬









