৬ অক্টোবর রেজিনগর-নন্দীগ্রাম উপনির্বাচনে সংখ্যালঘু ভোটারদের উন্নয়নের বার্তা শুভেন্দুর

কলকাতা, ১৫ সেপ্টেম্বর- আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা আসনে উপনির্বাচন হবে। এর মধ্যে রেজিনগর মুসলিম অধ্যুষিত এবং নন্দীগ্রামেও উল্লেখযোগ্যসংখ্যক সংখ্যালঘু মুসলিম ভোটার রয়েছেন। তাঁদের উদ্দেশে উন্নয়ন ইস্যুতে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসি রানী রথের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে হলদিয়ায় বিজয় সংকল্প সভায় বক্তব্য দেন শুভেন্দু। সেখানে সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রামে আপনাদের পরীক্ষা। আপনারা পরীক্ষায় পাশ করবেন কি ফেল করবেন—ওটা আপনাদের ওপর ছেড়ে দিয়ে গেলাম।’
শুভেন্দু বলেন, ‘যারা আমাকে ভোট দেন না, যারা বিজেপিকেও ভোট দেন না—তাঁদের অনেকেই আজ এখানে এসেছেন। তাতে আমার আপত্তি নেই। নন্দীগ্রাম ও রেজিনগরের সংখ্যালঘুদের কাছে আমার একটাই আবেদন—আপনাদের কাছে একটা সুযোগ এসেছে। আপনারা সরকারের সঙ্গে থাকবেন কি না, সেটা আপনাদের সিদ্ধান্ত। সরকারের সঙ্গে থাকতে চাইলে, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে চাইলে, হাতে হাত মিলিয়ে কাজ করতে ও কাজ নিতে চাইলে আগামী ৬ অক্টোবর আপনাদের পরীক্ষা।’
নন্দীগ্রামে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘ভোট আমি করতে জানি। এমন ব্যবধানে নন্দীগ্রামে বিজেপি জিতবে, যা কেউ কোনোদিন কল্পনা করতে পারেননি। বাকিটা সময় কথা বলবে। বৃক্ষ তোমার পরিচয় কী, ফলেই পরিচয়।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আমাকে আর এখানে আসতে হবে বলে মনে হয় না, কেবল ভোট দিতে আসতে হবে। এবারে জেতার সনদ রেয়াপাড়া থেকে দেওয়া হবে, কারণ ওখানেই গণনা হচ্ছে। তাই চিন্তার কোনো কারণ নেই।’
সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে শুভেন্দু বলেন, ‘২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে আমাকে হারাতে এসেছিল, আমি হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর এবারের বিধানসভা নির্বাচনে গঙ্গা পেরিয়ে ওর পাড়ায় গিয়ে আমি ওকে হারিয়ে এসেছি। চলুন একসঙ্গে হাঁটি এবং জয় শ্রীরামের ধ্বনি দিই।’
তিনি আরও বলেন, ‘২০২১ সালে মমতা ব্যানার্জিকে হারানোর পর আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, নন্দীগ্রামের জনসাধারণ যে পরিষেবা পেতেন, ২০২৬ সালের নির্বাচনে আমাকে ফের জেতানোর জন্য একই পরিষেবা ২০৩১ সাল পর্যন্ত পেতে থাকবেন। এটা শুভেন্দু অধিকারের গ্যারান্টি।’
নন্দীগ্রাম আসনের বিজেপি প্রার্থী হাসি রানী রথের ছেলে নিহত চন্দ্রনাথ রথ প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘চন্দ্রনাথ রথকে যেভাবে নির্মমভাবে খুন হতে হয়েছে, আমি মনে করি তাঁর সবচেয়ে বড় অপরাধ ছিল তিনি তৎকালীন বিরোধী দলনেতাকে সহযোগিতা করতেন। তাই তাঁকে পৃথিবী থেকে অকালে সরিয়ে দেওয়া হয়েছে।’
সভা শেষে শোভাযাত্রা করে হলদিয়া মহকুমা কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন হাসি রানী রথ। এ সময় শুভেন্দু অধিকারী, বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোসহ দলটির জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, মুর্শিদাবাদ জেলার রেজিনগর আসনে বিজেপির প্রার্থী করা হয়েছে শাখারব সরকারকে। তিনিও মঙ্গলবার বহরমপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন।
এস এম/ ১৫ সেপ্টেম্বর ২০২৬







