প্রশাসনিক স্বচ্ছতা ও দুর্নীতি দমনে জিরো টলারেন্সের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা, ১০ জুন – প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে প্রয়োজনীয় প্রতিরোধ ও দমনমূলক ব্যবস্থা গ্রহণ করতে মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশ প্রদান করেন।
বুধবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে লিখিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। কুমিল্লা ৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মাঠ প্রশাসনের প্রতি দেওয়া এসব নির্দেশনার কথা তুলে ধরেন।
প্রশ্নে জেলা প্রশাসক সম্মেলনে দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনাসমূহ সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জেলা প্রশাসক সম্মেলন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
এর মধ্যে অন্যতম হলো প্রশাসনিক কর্মকাণ্ডে সর্বোচ্চ পেশাদারিত্ব ও স্বচ্ছতা বজায় রাখা। তিনি আরও উল্লেখ করেন যে, দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান নিশ্চিত করতে হবে। অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা পরিহার করে দ্রুত ও জনস্বার্থে সিদ্ধান্ত নিতে হবে।
নিয়োগ, বদলি এবং পদায়নের ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করার নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী জানান, প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ নিতে হবে। এছাড়া সেবা প্রদান ব্যবস্থাকে আধুনিক করতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার ওপরও তিনি জোর দেন।
আইন লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে সরকারি সেবা যেন হয়রানিমুক্ত ও স্বচ্ছ থাকে, তা নিশ্চিত করতে কঠোর তদারকির আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এস এম/ ১০ জুন ২০২৬









