জাতীয়

শফিকুর রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ১০ জুন – বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আজ বুধবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়েছে। মতবিনিময়কালে উভয় পক্ষ নির্বাচন পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় বাজেট নিয়ে কথা বলেন।

এছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা এবং অভিবাসন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শফিকুর রহমান বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং সংসদ সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের অবদানের প্রশংসা করেন।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছায়া সরকার ও ছায়া বাজেট বিষয়ক উদ্যোগের প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক কাউন্সেলর টিমোথি ডাকেট এবং দ্বিতীয় সচিব কেটি ওয়ার্ড উপস্থিত ছিলেন।

বিরোধীদলীয় নেতার পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং দলের উপদেষ্টা টিমের সদস্য আলী আহমেদ মাবরুর। উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রে সহযোগিতা আগামীতে আরও গতিশীল হবে।

এস এম/ ১০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language