হরমুজ প্রণালিতে মার্কিন নৌবহরকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি ইরানের

তেহরান, ১৬ এপ্রিল – ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছেন। তিনি বলেছেন যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র যদি আধিপত্য বিস্তারের চেষ্টা করে তবে মার্কিন নৌবহরকে লক্ষ্যবস্তু করা হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিশেষ বক্তব্যে রেজাই উল্লেখ করেন যে হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর উপস্থিতি সম্পূর্ণ অবৈধ এবং উসকানিমূলক।
তিনি প্রশ্ন তোলেন যে কেন যুক্তরাষ্ট্র সেখানে অনর্থক পুলিশি ভূমিকা পালন করতে চাইছে। তিনি আরও সতর্ক করে দেন যে মার্কিন যুদ্ধজাহাজগুলো ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে টিকতে পারবে না। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ওই হামলার পালটা প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করে এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
এর পরপরই যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে অতিরিক্ত নৌবাহিনী মোতায়েনসহ ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোকে ঘিরে নজরদারি ও অবরোধ জোরদার করেছে। বর্তমান এই অস্থিতিশীল পরিস্থিতি কেবল আঞ্চলিক নয় বরং বৈশ্বিক অর্থনীতির জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের একটি উল্লেখযোগ্য অংশ এই জলপথ দিয়ে প্রবাহিত হয় বিধায় এখানে যেকোনো সামরিক সংঘাত আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।
এস এম/ ১৬ এপ্রিল ২০২৬





