লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত

বৈরুত, ২৯ মে – লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানের মধ্যে ড্রোন হামলায় একই পরিবারের চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলে পরিচালিত এসব হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
নাভানিয়া এলাকায় ড্রোন হামলার শিকার হয়ে বাংলাদেশি প্রবাসীরা আহত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন জনপদে একযোগে বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে।
একই সঙ্গে নতুন করে এলাকা খালি করার নির্দেশ জারি করার ফলে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন লেবানিজ সদস্য রয়েছেন যারা আদলুন মহাসড়ক দিয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় হামলার শিকার হন।
সম্প্রতি দক্ষিণ লেবাননের আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনাগুলোতে হামলার তীব্রতা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, নাভানিয়া এলাকায় হামলায় তাদের এক সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। এছাড়া পশ্চিম বেকা উপত্যকাতেও কয়েক জন সেনার মৃত্যু হয়েছে।
টাইর ও এর আশপাশের বিস্তীর্ণ এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত জাহরানি নদীর উত্তরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। টাইর শহরে রাতভর চলা বিমান হামলায় আবাসিক ভবন ও ক্যাফে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা বর্তমানে ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধারে কাজ করছেন।
ইসরায়েল এসব অভিযানকে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত বলে দাবি করলেও বাস্তবে বেসামরিক নাগরিকরা চরম ঝুঁকির মুখে পড়েছেন। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি জানিয়েছে, ঘনবসতিপূর্ণ এলাকায় ধারাবাহিক হামলা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির ফলে লেবাননে মানবিক সংকট ভয়াবহ রূপ নিচ্ছে।
এস এম/ ২৯ মে ২০২৬






