মধ্যপ্রাচ্য

আল-আকসায় চার হাজারের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ ও তাণ্ডব

তেল আবিব, ২৪ জুলাই – অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে বৃহস্পতিবার ৪ হাজার ২৮৮ জন ইসরায়েলি বসতি স্থাপনকারী ও কট্টর ডানপন্থি গোষ্ঠী জোরপূর্বক প্রবেশ করেছে। ইহুদিদের ধর্মীয় উৎসব তিশা বাব উপলক্ষে এটি এ বছরের অন্যতম বৃহত্তম অনুপ্রবেশের ঘটনা বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বে কঠোর পুলিশ পাহারায় এই অনুপ্রবেশের ঘটনা ঘটে। জেরুজালেম গভর্নরেটের তথ্যানুযায়ী, সূর্যাস্ত পর্যন্ত এই সংখ্যা পাঁচ হাজারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানান,

এই সময় আল-আকসার প্রবেশদ্বারগুলোতে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং সাধারণ ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দেওয়া হয়। এমনকি অনেক ফিলিস্তিনি ও শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগও উঠেছে। ইসরায়েলি বাহিনী জেরুজালেমের পুরোনো শহর ও কালান্দিয়া তল্লাশিচৌকিতে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করেছে।

মসজিদ প্রাঙ্গণে ঢুকে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বিভিন্ন ধর্মীয় আচার পালন এবং প্রার্থনা করেছে। ১৯৬৭ সালের ঐতিহাসিক স্থিতাবস্থা বা স্ট্যাটাস কু চুক্তি অনুযায়ী অমুসলিমদের জন্য আল-আকসায় প্রার্থনা নিষিদ্ধ থাকলেও পুলিশ এক হাজারের বেশি ইসরায়েলিকে সেই সুযোগ করে দিয়েছে।

জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির সেখানে বিতর্কিত মন্তব্য করে জানান, ইহুদিরা এই স্থানের মালিকানা দাবি করে এবং সেখানে তাদের নিয়ন্ত্রণ বাড়ছে।

ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস এই ঘটনাকে নগ্ন আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে এর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে পবিত্র স্থানের মর্যাদার লঙ্ঘন বলে অভিহিত করেছে।

এস এম/ ২৪ জুলাই ২০২৬


Back to top button