২০২৬ বিশ্বকাপের ফ্লপ একাদশ প্রকাশ: রোনালদো ও নয়্যারের জায়গা প্রাপ্তি

লিসবন, ২৫ জুলাই – ২০২৬ ফিফা বিশ্বকাপে অনেক ফুটবলার ব্যক্তিগত নৈপুণ্যে সমর্থকদের মুগ্ধ করলেও বেশ কয়েকজন তারকা ফুটবলার প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন। টুর্নামেন্ট শেষে তাদের হতাশাজনক পারফরম্যান্স পর্যালোচনা করে একটি ফ্লপ একাদশ প্রকাশ করেছে জনপ্রিয় ক্রীড়া মাধ্যম ব্লিচার রিপোর্ট।
এই তালিকায় আক্রমণভাগের নেতৃত্বে রাখা হয়েছে পর্তুগালের কিংবদন্তি ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোকে। একাদশের গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন জার্মানির ম্যানুয়েল নয়্যার। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত বদলে ফিরে আসলেও টুর্নামেন্টে তাকে নিজের চিরচেনা ছন্দে দেখা যায়নি।
বিশেষ করে গোলপোস্টের নিচে তার বেশ কিছু ভুল সমালোচিত হয়েছে। রক্ষণভাগে ইংল্যান্ডের রিস জেমস ইনজুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকায় তালিকায় স্থান পেয়েছেন। তার সঙ্গে আরও রয়েছেন ব্রাজিলের গ্যাব্রিয়েল মাগালহায়েস, জার্মানির জোনাথন তাহ এবং ফ্রান্সের লুকাস দিগনে।
গুরুত্বপূর্ণ ম্যাচে মাগালহায়েসের পজিশনাল ভুল এবং জোনাথন তাহের টাইব্রেকার মিস জার্মানির বিদায় ত্বরান্বিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মধ্যমাঠে উরুগুয়ের অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে পুরো আসরে কোনো গোল বা অ্যাসিস্ট করতে না পেরে হতাশ করেছেন।
তার সঙ্গে পর্তুগালের ভিতিনিয়া এবং জার্মানির লেরয় সানেও এই তালিকায় যুক্ত হয়েছেন। সানের সুযোগ নষ্ট করার প্রবণতা এবং ভিতিনিয়ার অফ-ফর্ম নিয়ে কড়া সমালোচনা করেছে ব্লিচার রিপোর্ট। আক্রমণভাগে রোনালদোর সঙ্গী হিসেবে রয়েছেন আইভরি কোস্টের ইয়ান দিওমান্দে এবং ইংল্যান্ডের ননি মাদুয়েকে।
এই ফ্লপ একাদশের কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে পর্তুগালের রবার্তো মার্তিনেজকে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি দলের সামগ্রিক পরিকল্পনার চেয়ে রোনালদোকে ঘিরেই বেশি মনোযোগী ছিলেন। ফলে ভারসাম্য হারিয়ে পর্তুগালকে নকআউট পর্বের শুরুতেই বিদায় নিতে হয়।
একনজরে ব্লিচার রিপোর্টের ২০২৬ বিশ্বকাপ ফ্লপ একাদশ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার, রক্ষণভাগে রিস জেমস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, জোনাথন তাহ ও লুকাস দিগনে, মধ্যমাঠে ফেদেরিকো ভালভার্দে, ভিতিনিয়া ও লেরয় সানে এবং আক্রমণভাগে ইয়ান দিওমান্দে, ননি মাদুয়েকে ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
এস এম/ ২৫ জুলাই ২০২৬









