মহেশপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা নস্যাৎ করল বিজিবি

ঝিনাইদহ, ২৫ জুলাই – ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ছয়জন ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানানো হয় যে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্প থেকে চারজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বিজিবির নিয়মিত টহল দল তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়ে তাদের সীমান্তে আটকে দেয়।
বিজিবির বাধার মুখে তারা বর্তমানে ভারতের অভ্যন্তরেই অবস্থান করছে। মহেশপুর ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে অবহিত করা হয়েছে।
সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন কার্যক্রম প্রতিরোধে বিজিবি বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এস এম/ ২৫ জুলাই ২০২৬









