১ জুলাই থেকে ফ্যামিলি ও কৃষক কার্ড কর্মসূচি পুরোদমে শুরু হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহ, ১৭ জুন – আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, এবারের বাজেটে সামাজিক উন্নয়ন কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ১ জুলাই থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ইমাম কার্ডসহ সব ধরনের মানবিক উন্নয়নমূলক কর্মসূচি পূর্ণোদ্যমে শুরু করা হবে।
বুধবার ঝিনাইদহ শহরের পবহাটি এলাকায় একটি আধুনিক কসাইখানা উদ্বোধনকালে তিনি এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনার অংশ হিসেবে নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দ্রুত কাজ করছে। দেশের ইতিহাসে এবারই প্রথম ভোটারের আঙুলের কালির দাগ মোছার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করা শুরু হয়েছে।
নারীদের জন্য ফ্যামিলি কার্ডের পাইলট প্রোগ্রাম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দেশের ১৯টি জেলায় এই কার্যক্রমের উদ্বোধন করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, ঝিনাইদহের শৈলকুপার বারুইপাড়া গ্রামেও এই কার্ডের উদ্বোধন করা হবে।
ইতোমধ্যে কৃষক কার্ড এবং বিভিন্ন উপজেলায় খাল খনন ও ইমামদের ভাতার পাইলট কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী মাসের শুরু থেকে এই জনকল্যাণমূলক কাজগুলো আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাজেটে সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ায় মানবিক কর্মসূচিগুলো আরও সুচারুভাবে পরিচালনা করা সম্ভব হবে।
এস এম/ ১৭ জুন ২০২৬









