ঝিনাইদহ

গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে জামায়াত আমির বেইমানি করেছেন: রাশেদ খাঁন

ঝিনাইদহ, ৯ আগস্ট – গণঅভ্যুত্থানের মূল চেতনার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সর্বপ্রথম বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার সকালে ঝিনাইদহের ঐতিহ্যবাহী মুরারীদহ মিয়ার দালান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিল, তখন ডা. শফিকুর রহমানকে কারাবন্দি ও নিপীড়ন করায় একসময় তাকে মজলুম নেতা হিসেবে গণ্য করা হতো। তবে গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে তার প্রকৃত রূপ উন্মোচিত হয়েছে।

তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে সর্বপ্রথম সাধারণ ক্ষমা ঘোষণা করার মাধ্যমে ডা. শফিকুর রহমান জনআকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। জামায়াত আমিরের নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খাঁন বলেন, যার নেতৃত্বে দীর্ঘ সময় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ের তালা পর্যন্ত খোলা সম্ভব হয়নি, তিনি এখন বিএনপির পতন ঘটানোর কথা বলছেন যা হাস্যকর।

এছাড়া জামায়াত নেতা ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিদেশিদের সাথে বৈঠকে শরিয়া আইন কায়েম না করার বিষয়ে দেওয়া বক্তব্য জামায়াতের রাজনৈতিক দ্বিচারিতার বহিঃপ্রকাশ। তিনি আরও অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ইসলামকে কেবল রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।

সংসদে তারা আল্লাহর আইন ও শরিয়া আইনের কথা বললেও নির্বাচনী ইশতেহারে তার প্রতিফলন নেই। দেশের রাজনৈতিক বিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে ইতিবাচক পরিবর্তনগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার হাত ধরেই হয়েছে। আগামীতেও তারেক রহমানের নেতৃত্বেই দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে বলে তিনি মন্তব্য করেন।

এস এম/ ৯ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language