ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত

ঝিনাইদহ, ৪ আগস্ট – ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটে রুবেল নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার শ্যামকুড় সীমান্তে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শ্যামকুড় মাঠপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে রুবেলসহ কয়েকজন যুবক ওই রাতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাসখালী থানার অন্তর্গত মাহেন্দ্র ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে।

এতে রুবেল বিএসএফের গুলিতে বিদ্ধ হয়ে আহত হন। পরবর্তীতে তার সাথে থাকা সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তবে শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

এস এম/ ৪ আগস্ট ২০২৬


Back to top button