ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা ও অয়ন রহমান কারাগারে

ঝিনাইদহ, ২৫ মে – ঝিনাইদহে পুলিশের হাতে গ্রেফতার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা তারেক রেজা এবং দলটির যুব সংগঠন জাতীয় যুবশক্তির নেতা অয়ন রহমান খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার সন্ধ্যায় এই দুই নেতাকে আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, রোববার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম ওরফে তারেক রেজা ঝিনাইদহের একটি রেস্তোরাঁর মিলনায়তনে সংবাদ সম্মেলনে যোগ দিতে আসেন। এ সময় নিরাপত্তার স্বার্থে পুলিশ তাকে হেফাজতে নেয়। পরবর্তীতে তার নামে একটি মামলা থাকায় তাকে আদালতে সোপর্দ করা হয়।
ব্রিফিংয়ে আরও জানানো হয় যে একই মামলায় শনিবার রাতে যশোর থেকে জাতীয় যুবশক্তির নেতা অয়ন রহমানকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। তাকে রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ কর্মকর্তা মাহফুজ হোসেন আরও বলেন যে অয়ন রহমানকে গুম করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষ যে অপপ্রচার চালাচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। অয়নকে আটকের ২৪ ঘণ্টার মধ্যে আইনগত প্রক্রিয়া মেনে আদালতে পাঠানো হয়েছে। আটকের সময় অয়নের পরিবারকেও বিষয়টি জানানো হয়েছিল বলে পুলিশ দাবি করেছে।
প্রেস ব্রিফিংকালে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামানসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএন/ ২৫ মে ২০২৬









