জাতীয়

শাহজালাল বিমানবন্দরে আধুনিক এটিসি টাওয়ার: ফ্লাইং ওভার চার্জে রেকর্ড আয়

ঢাকা, ৩০ মে – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার এবং অত্যাধুনিক রাডার সিস্টেম চালুর ফলে উড়োজাহাজের ফ্লাইং ওভার চার্জ আদায়ে বড় ধরনের সাফল্য এসেছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে এই খাতে আয় হয়েছে ১৯৯ কোটি ২৮ লাখ ৭৩ হাজার ৮১০ টাকা।

বিগত দুই বছরের তুলনায় এটি এই খাতের সর্বোচ্চ আয়। পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৪ সালের একই সময়ে আয় ছিল ১৫৭ কোটি ১৫ লাখ টাকা। ২০২৫ সালে এই আয় বেড়ে দাঁড়ায় ১৮৪ কোটি ৫৩ লাখ টাকায়। ফলে মাত্র দুই বছরের ব্যবধানে এ খাতে রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৪২ কোটি টাকা।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে ৯৪২ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ফ্রান্সের থ্যালেস কোম্পানির সহায়তায় জি টু জি ভিত্তিতে নির্মিত এই আধুনিক এটিসি টাওয়ারের নির্মাণ কাজ ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হয়।

এরপর গত ২০ এপ্রিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। নতুন এই প্রযুক্তিতে এস ব্যান্ড প্রাইমারি রাডার ৮০ নটিক্যাল মাইল এবং মোড এস সেকেন্ডারি রাডার ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত আকাশসীমা পর্যবেক্ষণে সক্ষম।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ জানান, আগে বঙ্গোপসাগর সংলগ্ন আকাশসীমার একটি বড় অংশ নজরদারির বাইরে থাকায় অনেক বিদেশি উড়োজাহাজের কাছ থেকে ফি আদায় করা সম্ভব হতো না।

নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে এখন সেই সীমাবদ্ধতা দূর হয়েছে এবং রাজস্বের ফাঁকফোকর বন্ধ হয়েছে। এটি বাংলাদেশের এভিয়েশন খাতের জন্য এক বিশাল মাইলফলক।

এস এম/ ৩০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language