নিরাপত্তা ত্রুটি প্রকাশে গবেষককে মাইক্রোসফটের আইনি হুমকি, প্রযুক্তি বিশ্বে সমালোচনা

ওয়াশিংটন, ৩০ মে – নিরাপত্তা ত্রুটি প্রকাশ করায় এক স্বাধীন গবেষককে আইনি ব্যবস্থার হুমকি দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
নাইটমেয়ার ইক্লিপস নামে পরিচিত একজন সাইবার নিরাপত্তা গবেষক সম্প্রতি মাইক্রোসফটের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটির তথ্য জনসমক্ষে প্রকাশ করেন। ওই গবেষক হাতে কলমে দেখান যে, কীভাবে এসব ত্রুটি ব্যবহার করে কম্পিউটারের সুরক্ষা ব্যবস্থা এবং সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব।
তবে মাইক্রোসফট এই পদক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, ওই গবেষক ত্রুটিগুলো সম্পর্কে আগে মাইক্রোসফটকে অবহিত করেননি। ফলে সেগুলো সংশোধনের সুযোগ পাওয়ার আগেই বিস্তারিত তথ্য ফাঁস হওয়ায় সাইবার অপরাধীদের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে।
এই পরিপ্রেক্ষিতে মাইক্রোসফটের ডিজিটাল অপরাধ দমন বিভাগ আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে গবেষক নাইটমেয়ার ইক্লিপস মাইক্রোসফটের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
তিনি দাবি করেন, ত্রুটিগুলো নিয়ে তিনি আগেই মাইক্রোসফটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু প্রতিষ্ঠানটি তাকে কোনো সহযোগিতা না করে উল্টো তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। কোনো উপায় না পেয়েই তিনি জনসমক্ষে এই ত্রুটিগুলো প্রকাশ করতে বাধ্য হয়েছেন।
এর পরেই তার অন্যান্য অনলাইন অ্যাকাউন্টগুলোও নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এই ঘটনার জেরে বিশ্বের বড় একটি অংশ মাইক্রোসফটের এমন আচরণের নিন্দা জানিয়েছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বহুজাতিক প্রতিষ্ঠানের এমন কঠোর অবস্থান স্বাধীন গবেষকদের নিরুৎসাহিত করবে।
নিরাপত্তা বিশেষজ্ঞ ক্যাটি মোজোরিস সতর্ক করে বলেছেন, আইনি ব্যবস্থার ভয় দেখালে ভবিষ্যতে গবেষকরা গুরুত্বপূর্ণ ত্রুটি জানাতে আগ্রহ হারিয়ে ফেলবেন। অন্য গবেষক কেভিন বিউমন্টও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। প্রযুক্তি খাতে নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করে তা সংশোধনে সহায়তা করা একটি নিয়মিত চর্চা হলেও এই ঘটনার পর গবেষকদের সুরক্ষা ও দায়িত্ব নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।
এস এম/ ৩০ মে ২০২৬









