জাতীয়

মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পুলিশ মোতায়েন

ঢাকা,০৪ নভেম্বর-রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত ক্রাইম ও প্রিভেনশন উত্তর) মো. মহিদুল ইসলাম।

বুধবার মিরপুরের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, শ্রমিকরা সড়কে নামতে পারেননি। অনেক কারখানার শ্রমিক কাজে ফিরে গেছেন এবং সেখানে উৎপাদন কার্যক্রম চলছে।

মহিদুল ইসলাম জানান, মিরপুর-১, পল্লবী, রূপনগর, মিরপুর-১২ ও কাফরুল সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সব মিলিয়ে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও কাজ করছে।

মহিদুল ইসলাম বলেন, “সব ইউনিটের মধ্যে সমন্বয় রয়েছে। সমন্বিতভাবে কাজ করে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা করেছে, তাদের প্রতিহত করা হয়েছে।”

শ্রমিকদের বেতন বাড়ানোর দাবির বিষয়ে তিনি বলেন, এ জন্য শ্রমিক মজুরি বোর্ড গঠন করা হয়েছে। পাশাপাশি শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও কাজ চলছে।

মহিদুল ইসলাম বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা পুলিশের দায়িত্ব। অপরাধীরা যত শক্তিশালীই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এস এম/ ০৪ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language