জাতীয়

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা

ঢাকা,০৪ নভেম্বর-দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার ১০টি ইভেন্টের পাশাপাশি আর্চারি, শ্যুটিং ও হকি খেলার নিয়মিত অনুশীলন এবং প্রতিযোগিতার আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, ক্রীড়া উন্নয়নে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গ্রহণ করেছে।

মাদকাসক্তি ও অতিরিক্ত ডিজিটাল আসক্তি মোকাবিলা করে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং ক্রীড়াকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের প্রতিযোগিতার ১০টি ইভেন্টের পাশাপাশি আর্চারি, শ্যুটিং ও হকি খেলার নিয়মিত অনুশীলন এবং প্রতিযোগিতার আয়োজন নিশ্চিত করতে বলা হয়েছে।

এস এম/ ০৪ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language