বিজ্ঞান ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে যেভাবে ফিরে পাবেন: জেনে নিন জরুরি উপায়

বর্তমান সময়ে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। তবে সামান্য ভুলের কারণে অ্যাকাউন্ট হ্যাকড হলে ব্যক্তিগত কথোপকথন ও পরিচিত ব্যক্তিদের তথ্য চরম ঝুঁকির মুখে পড়তে পারে। শুধু তা–ই নয়, হ্যাকাররা আপনার নিয়ন্ত্রণ নিয়ে বন্ধু বা পরিবারের সদস্যদের কাছে অনাকাঙ্ক্ষিত বা প্রতারণামূলক বার্তা পাঠাতে পারে। তবে কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করে নিজের ফোন নম্বর ব্যবহার করেই হ্যাকড হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব।

অ্যাকাউন্ট ফিরে পেতে করণীয় ধাপসমূহ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারলে আতঙ্কিত না হয়ে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করুন:

লগ ইন প্রক্রিয়া শুরু করুন: প্রথমে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ খুলে ‘লগ ইন এগেইন’ (Log in again) অপশনে ট্যাপ করুন।

নম্বর প্রদান: এরপর ‘কন্টিনিউ’ (Continue) নির্বাচন করার পর ফোন নম্বর চাওয়া হলে দেশের কোডসহ (+৮৮…) আপনার নিজস্ব মোবাইল নম্বরটি লিখুন।

যাচাইকরণ কোড (OTP): এরপর ‘নেক্সট’ (Next) ও ‘ওকে’ (OK) অপশনে ট্যাপ করলে এসএমএস বা ফোন কলের মাধ্যমে আপনার নম্বরে ৬ সংখ্যার একটি যাচাইকরণ কোড আসবে।

স্বয়ংক্রিয় লগআউট: কোডটি নির্ধারিত স্থানে সঠিকভাবে লিখে নিবন্ধন সম্পন্ন করলেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ফিরে পাবেন। একই সঙ্গে হ্যাকারের ডিভাইসসহ অন্য সব যন্ত্রে থাকা অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যাবে।

টু-স্টেপ ভেরিফিকেশন পিন চাইলে কী করবেন?

অ্যাকাউন্ট উদ্ধারের সময় হোয়াটসঅ্যাপ আপনার কাছে টু-স্টেপ ভেরিফিকেশন (Two-Step Verification) বা দুই ধাপের ভেরিফিকেশন পিন চাইতে পারে।

যদি আপনার পিনটি মনে না থাকে, তবে বুঝতে হবে অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়া হ্যাকার এই নিরাপত্তাব্যবস্থা চালু করে দিয়েছে। এ ক্ষেত্রে পিন জানা না থাকলে আপনার করার কিছু নেই; আপনাকে সাত দিন অপেক্ষা করে পুনরায় অ্যাকাউন্ট উদ্ধারের চেষ্টা করতে হবে।

হ্যাকিং থেকে সুরক্ষায় কিছু জরুরি সতর্কতা

নম্বর পরিবর্তন করা: ব্যক্তিগত বা পেশাগত প্রয়োজনে অনেকে নতুন সিম কার্ড ব্যবহার করেন। কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি যদি পুরোনো ফোন নম্বরের সঙ্গে যুক্ত থাকে, তবে চাইলেও সহজে হ্যাক হওয়া অ্যাকাউন্ট ফিরে পাওয়া যায় না।

‘চেঞ্জ ফোন নম্বর’ ব্যবহার: নতুন সিম কার্ড ব্যবহারের ক্ষেত্রে দেরি না করে দ্রুত হোয়াটসঅ্যাপের ‘চেঞ্জ ফোন নম্বর’ (Change Phone Number) সুবিধা ব্যবহার করে নতুন নম্বরের সঙ্গে অ্যাকাউন্ট যুক্ত করে নেওয়া উচিত।

এনএন/ ২৬ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language