মুন্সিগঞ্জ

মিরকাদীমে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মুন্সিগঞ্জ, ৩০ মে – পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পরবর্তী বর্জ্য অপসারণ ও মিরকাদীম পৌরসভার সামগ্রিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদুর রহমানসহ তিনি মিরকাদীমের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

এ সময় তারা কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ এবং সড়ক ও ড্রেন পরিষ্কারের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় নেওয়া বিভিন্ন পদক্ষেপের খোঁজখবর নেন। জেলা প্রশাসক ও ইউএনও সরাসরি পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং কার্যক্রম আরও জোরদার করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, কোরবানির ঈদের পরপরই বর্জ্য দ্রুত অপসারণ করা অত্যন্ত জরুরি। কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা সম্ভব। তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।

পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান জানান, পৌরবাসীর জন্য স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও পৌরসভা সমন্বিতভাবে কাজ করছে। আগামী ১ জুন থেকে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এই পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হবে।

নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি কোরবানির বর্জ্য অপসারণকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিদর্শনে প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও পৌরসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এস এম/ ৩০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language