পদ্মা সেতুর রেলিংয়ে বাসের ধাক্কা: মেরামত ব্যয় হতে পারে ২ লাখ টাকা

মুন্সিগঞ্জ, ১ সেপ্টেম্বর – পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে একটি দ্রুতগামী বাসের ধাক্কায় পূর্ব পাশের রেলিংয়ের প্রায় ৫০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার দুপুরের এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেলিং মেরামত করতে অন্তত ছয় থেকে সাত দিন সময় লাগতে পারে এবং এতে ব্যয় হবে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের যাত্রীবাহী বাসটি মাগুরা থেকে ঢাকার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় পশ্চিম পাশে তেমন ক্ষতি না হলেও পূর্ব পাশের রেলিংয়ের ব্যারিয়ারের ওপরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে বড় ধরনের বিপদ থেকে বাসের যাত্রী ও সেতুর মূল কাঠামো রক্ষা পেয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাসটি অতিরিক্ত গতিতে অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং ডানে ও বামে কয়েকবার পিছলে গিয়ে রেলিংয়ে আছড়ে পড়ে।
দুর্ঘটনাকালে বাসটির গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার, যা সেতুর নির্ধারিত গতিসীমা ৮০ কিলোমিটারের চেয়ে অনেক বেশি। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি দল ঘটনাস্থল থেকে আটজন আহত যাত্রীকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
দুর্ঘটনার পর কিছুক্ষণ সেতুতে যান চলাচল বিঘ্নিত হলেও ফায়ার সার্ভিস ও সেতু কর্তৃপক্ষের তৎপরতায় বাসটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি পদ্মা উত্তর থানায় জব্দ রয়েছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো সেতুতে ১৬টি আধুনিক এআই ক্যামেরা দিয়ে নজরদারি করা হলেও অনেক চালক নির্ধারিত গতিসীমা মেনে চলছেন না।
এস এম/ ১ সেপ্টেম্বর ২০২৬
FAQ
পদ্মা সেতুর কত মিটার রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছে?
দুর্ঘটনায় পদ্মা সেতুর পূর্ব পাশের রেলিংয়ের প্রায় ৫০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
পদ্মা সেতুর রেলিং মেরামতে কত সময় লাগবে?
সেতু কর্তৃপক্ষের প্রাথমিক হিসাবে, মেরামতে ৬–৭ দিন সময় লাগতে পারে।
পদ্মা সেতুতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা কত?
পদ্মা সেতুতে যানবাহনের সর্বোচ্চ নির্ধারিত গতিসীমা ৮০ কিলোমিটার/ঘণ্টা।
দুর্ঘটনার সময় বাসটির গতি কত ছিল?
সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় যানবাহনের গতি প্রায় ১২০–১৩০ কিলোমিটার/ঘণ্টা পর্যন্ত ছিল।
দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন?
শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি দল অন্তত আটজন আহত যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছে বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।







